শাহাবাগে শরীরে কেরোসিন ঢেলে মা ও ছেলে মেয়ের আত্মহত্যার চেষ্টা
শাহবাগ প্রতিনিধিঃ
জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে ঘুমের ওষুধ খেয়ে ও শরীরে কেরোসিন ঢেলে একই পরিবারের তিনজন অত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বরফা এলাকায়। জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে শরীরে কেরোসিন ঢালেন শিরিনা খান, তার মেয়ে শারমিন খান ও ছেলে জহির খান (১০)। তবে শরীরে আগুন দেওয়ার আগেই তাদের রক্ষা করেন স্থানীয়রা।
তিনি জানান, আরেকটি তথ্য জেনেছি। ঐ ৩ জন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি থেকে প্রেসক্লাবের দিকে রওনা দেন। সম্ভবত অজ্ঞান হয়ে পড়ার চিন্তায় তারা ওষুধ খেয়েছেন। প্রেসক্লাব থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ৩ জনকেই ওয়াশ করা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।
আত্মহত্যার চেষ্টা করা শিরিন খান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বরফা এলাকায় ৮ বছর আগে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন, তবে স্থানীয় প্রভাবশালী হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছে। হান্নান তার নামে মামলা করেছে এবং হুমকি দিচ্ছেন। ২ মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।
তিনি আরো জানান, আমার স্বামী অসুস্থ। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছেন, তবে হান্নানের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের বাড়িতে না যেতে ও জমির দলিল দিয়ে দিতে বলছে। দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি।





