বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি দুই বন্ধুর
বগুড়া প্রতিনিধিঃ
আজ ১০ এপ্রিল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭ টার দিকে ঐ উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের বাসট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদরের আলোবাদিয়া গ্রামের ৪৫ বছর বয়সী সোয়েব মাহামুদ ও বগুড়া সদরের খান্দার এলাকার ৪৮ বছর বয়সী সাখাওয়াত হোসেন পলাশ।
সোয়েব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) অফিসে ওয়ার্ক অ্যাসিসটেন্ট পদে চাকরি করতেন। আর পলাশ বগুড়া শহরের রানা প্লাজাতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি নওগাঁ মহাদেবপুরের এলজিইডি অফিস থেকে সোয়েব বদলি হন। কিন্তু সেখানে তার কিছু কাজ বাকি ছিল। রবিবার সকালে পলাশকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে এলজিইডি অফিসে যাচ্ছিলেন সোয়েব। পথে দুপচাঁচিয়া বাসট্যান্ড এলাকায় বিপরীতগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পলাশের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সোয়েবকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে চাইলে, পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাক শনাক্ত করা সম্ভব হয়নি।তবে ঘটনাস্থল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



