রাজশাহীতে এ এস আই মনিরুল ফেরদৌস পুলিশ দম্পতির বিরুদ্ধে জালিয়াতি ও অঙ্গপাচার চেষ্টার অভিযোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ফাঁকা চেকের জালিয়াতি, কোটি টাকার ভুয়া দাবি এবং ভারতে পাচার করে কিডনি বিক্রির চক্রান্তের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। আজ বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে পবা উপজেলার বজরাপুর গ্রামের তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অভিযোগ তোলেন।
ভুক্তভোগী মোছাম্মদ মনিরা বেগম লিখিত বক্তব্যে জানান, পারিবারিক প্রয়োজনে তারা লক্ষীপুর এলাকার বাসিন্দা এএসআই মোঃ মনিরুল ফেরদৌস ও তার স্ত্রী মুনিরা বেগমের কাছ থেকে ফাঁকা ব্যাংক চেক জমা রেখে ঋণ নেন। লভ্যাংশসহ আসল টাকা পরিশোধ করার পরও অভিযুক্ত দম্পতি জমা থাকা চেকের অপব্যবহার করে অবৈধভাবে মনিরা বেগমের কাছে ১৬ লাখ, সুমি আক্তারের কাছে ১০ লাখ এবং লাবনী খাতুনের কাছে ৮ লাখ টাকা দাবি করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ঢাকায় নিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচার করে কিডনি বিক্রির চেষ্টা চালানো হয়।
পরবর্তীতে রাজশাহীতে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে ফেঁসে যাওয়ার ভয়ে তাদের তড়িঘড়ি ফেরত আনা হয়।
বর্তমানে ভুয়া উকিল নোটিশ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারগুলো। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযুক্ত পুলিশ দম্পতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, জমা থাকা চেক উদ্ধার এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে আরো জানানো হয়, আগামী এক সপ্তাহের ভেতরে যদি অভিযুক্ত মনিরুল দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বিষয়টি ভিন্ন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিরীহ গ্রামবাসীর অনেকেই আত্মহত্যা করার হুমকিও দেন মানববন্ধন শেষে।




