সংবাদ সারাদেশসারাদেশ

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিহত-১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি তিন জনের মধ্যে এক জন নিখোঁজ, এক জন অক্ষত অবস্থায় ও এক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে ট্রলার থেকে হতাহতদের উদ্ধার করা হয়। এর আগে দুপুরে বুড়িগঙ্গায় ওই ট্রলারে অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে চার জন ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একজন নিখোঁজ, একজন অক্ষত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎই ওই ট্রলারে আগুন ধরে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। এতে নদী ও তীরে বসবাস করা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রলার থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আরেক জন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একজন অক্ষত অবস্থায় উদ্ধার হলেও আরেক জন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button