মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রসুনক্ষেতে
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ের কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রসুনক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় মাছগুলো ক্ষেতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা কুড়িয়ে নিতে শুরু করে।
গতকাল সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ওই দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার বিকেলে রাজশাহীর আম চত্বর এলাকার তৌফিকুল ইসলামের পুকুরের সাড়ে তিন লাখ টাকার কার্পজাতীয় মাছ ট্রাকে করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। ফাঁকা মহাসড়কে দ্রুতগতিতে ট্রাক চালাতে গিয়ে একটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারান চালক।
এতে ট্রাকটি উল্টে গিয়ে মাছগুলো সড়কের পাশের রসুনক্ষেতে ছড়িয়ে পড়ে।ওসি আরো জানান, স্থানীয় অনেকেই কিছু মাছ কুড়িয়ে নিয়ে গেছে। পরে বাকি মাছ রসুনক্ষেত থেকে সংগ্রহ করা হয়েছে। বরফ দিয়ে মাছগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানাগেছে।



