অবশেষে মারা গেল সেই ছোট্ট ফাতেমা
ঢাকা প্রতিনিধিঃ
বাবা-মায়ের মৃত্যুর পর এবার মারা গেল রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ দুই বছরের মেয়ে সেই ছোট্ট ফাতেমা আক্তার।
মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার ভোরে সেহেরির পরপরই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ছোট্ট ফাতেমা আক্তারের বাবা আব্দুল করিম (৩০)। তার কিছু সময় পর মারা যান ফাতেমার মা খাদিজা আক্তারও (২৫)।
জানা গেছে, মুদি ব্যবসায়ী আব্দুল করিম পরিবার নিয়ে মাতুয়াইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২১ এপ্রিল ভোরে সেহেরির সময় খাবার গরম করতে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। প্রতিবেশীরা ৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তিনজনের মধ্যে খাদিজার দেহের প্রায় ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল। আর তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।
আত্মীয় স্বজনরা প্রথমে বলেছিলেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ঐ বাসায় আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন। পরে পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্তে জানা যায়, রান্নাঘরে জমে থাকা গ্যাস ঐ বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের কারণ।
এই বিষয়ে জানতে চাইলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





