NEWNewsটপ নিউজদূর্গাপুরপবামুহুর্তের খবরমোহনপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে। আজ শনিবার বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফাইনাল ম্যাচে টাইব্রেকার ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে মোহনপুর উপজেলা দল।

মন্ত্রী খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে নিয়ে আসছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়ো স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি অতি দ্রুত এর ফ্লাডলাইট আগের মতো সচল করার জন্য সব ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা গ্রহণ করা হবে। এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড়ো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি ছোট-বড়ো মাঠ আছে যা বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অত্যন্ত দ্রুত সংস্কার করে সুন্দর ও সবুজ খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।
ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলকিপার মোহনপুর উপজেলা দলের আবু রায়হান নির্বাচিত হয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button