দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমতলী গ্রামে পুকুর সংস্কারের নামে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা নষ্ট করে চলছে অবৈধ ভাবে মাটি বিক্রি ও পুকুর খননের কাজ।
দিনে ও রাতে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে এ পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের এমন উদাসীনতায় সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তার হচ্ছে বেহাল দশা। সেই সাথে রাস্তায় পড়ে থাকা কাদা মাটিতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় সব দুর্ঘটনা।
অভিযোগ রয়েছে, প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় জয়নাল ও ইমরান নামের দুই অসাধু মাটি ব্যবসায়ী এ কাজের সঙ্গে জড়িত রয়েছেন । জয়নালের দাবি, দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে তিনি এই পুকুর সংস্কার ও মাটি বিক্রি করছেন ।
এ বিষয়ে মুঠোফোনে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) সুমন চৌধুরীকে অবগত করা হলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সুমন চৌধুরী তবে অদৃশ্য কারণে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেই ফিরে যান তারা। এতে করে স্থানীয়দের মনে নানা প্রশ্নের জট বাঁধে। তবে কি সত্যিই পুকুর সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছে প্রশাসন ? এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।





