সংবাদ সারাদেশসারাদেশ

মানিকগঞ্জে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয় তাকে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে আসামির উপস্থিতে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার। তারা দুজন বন্ধু ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।

নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেটের একটি ছাপাখানায় চাকরি করতেন। আর দণ্ডিত ইমরান সিংগাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে।

এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি মাদক ব্যবসা ও পাওনা টাকা নিয়ে উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তার প্যান্টের বেল্ট খুলে উত্তম আকাশ আলিফের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর কেরোসিন ঢেলে লাশ পুড়িয়ে দেয়। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিংগাইরের চর-গোলড়া চকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে উত্তম আকাশ আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেদিন সন্ধ্যায় সিংগাইর থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ইরমান হোসেনকে অভিযুক্ত করে ২০২০ সালের ৬ জুন আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পুলিশ ইমরান হোসেনকে গ্রেফতার করেন। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক অভিযুক্ত ইমরান বিশুকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button