পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত ,বিএনপি নেতার কুশল বিনিময়
পাবনা ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী ও আটঘরিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। সকাল থেকেই প্রধান প্রধান ঈদগাহ ময়দানে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এরপরই শুরু হয় পশু কোরবানি ও চামড়া সংরক্ষণের ব্যস্ততা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঈশ্বরদীর পূর্ব টেংরি ঈদগাহ ময়দান এবং বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানসহ ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার সবকটি ঈদগাহে সমবেত হন লাখো মুসল্লি। সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে সম্পন্ন হয় ঈদের প্রধান জামাতগুলো। নামাজের খুতবা ও মোনাজাতে: মুসলিম বিশ্বের শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং প্রধানমন্ত্রীসহ দেশের সকল মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে চিরবিদায় নেওয়া স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন বিভিন্ন শ্রেনির মানুষ।
অপর দিকে নামাজ শেষে পাড়া-মহল্লায় শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। এদিকে, দুপুরের পর থেকেই ব্যস্ততা বাড়ে চামড়া ব্যবসায়ীদের। বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া কিনে আড়তগুলোতে লবণ দিয়ে তা সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেন তারা। এই মৌসুমী চামড়া ব্যবসাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অসংখ্য শ্রমিকের।ঈদের দিন সমস্ত কর্মব্যস্ততা শেষে বিকেলে ঈশ্বরদীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বয়সী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। কুশল বিনিময়কালে এই বীর মুক্তিযোদ্ধা দলমত নির্বিশেষে বর্তমান সরকারের সার্বিক সফলতা ও দেশের মঙ্গলের জন্য আশাবাদ ব্যক্ত করেন। ত্যাগের আনন্দ আর সম্প্রীতির এই বন্ধন যেন সারাবছর অটুট থাকে—ঈদের দিনে এমনটাই প্রত্যাশা ঈশ্বরদী ও আটঘরিয়াব সাধারণ মানুষের।





