চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে ৯ হাজারের বেশি মানুষ
চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রবল ঘূর্ণিঝড় রেমাল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন চট্টগ্রামের উপকূলীয় বিভিন্ন এলাকার মানুষ। শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সন্দ্বীপে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আজ রোববার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের খোলা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত উচ্চমান সহকারী হাসিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামে প্রস্তুত রাখা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শনিবার রাত থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত ৯ হাজার ৩৫৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন সন্দ্বীপে। তবে ঠিক কত সংখ্যক মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন তা জানা যায়নি।
প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলায় চট্টগ্রামে ১ হাজার ৩৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ১ হাজার ১৪০টি বিদ্যালয় ও ৯টি মুজিব কেল্লা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে।
আশ্রয় কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক ইউনিয়ন পর্যায়ে ২০০টি, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, আর্বান ডিসপেন্সারি নয়টি এবং পাঁচটি জেনারেল হাসপাতাল সহ মোট ২৯৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মজুত রাখা হয়েছে পানি বিশুদ্ধকরণের জন্য প্রায় ৩ লাখ ট্যাবলেট ও ৪ লাখ খাবার স্যালাইন।
কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বর্ষণ ও পূর্ণিমার কারণে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী এলাকাসমূহ ও পাহাড়ি এলাকা থেকে লোকজনকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট ইউএনও এবং এসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া বিদ্যমান আশ্রয়কেন্দ্র ও ব্যবহার উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নিমিত্তে প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ জানানো হয়।
মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সকলকে নির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৮ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। রেড ক্রিসেন্টের পাঁচ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও বিএনসিসি ও স্কাউটের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহা বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর।




