বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় দুইটি বাস কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটি বাসের টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী নির্ধারিত ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন। অতিরিক্ত ভাড়া আদায়ের এ ঘটনায় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৫ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম ও রণবাঘা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ ফতেহ আলী বাস কাউন্টারসহ একাধিক কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই কাউন্টারের ম্যানেজারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নন্দীগ্রাম উপজেলার সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজ মিয়া (৪০)। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এতে স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে যাত্রীদের ভাড়া নিয়ে ভোগান্তি অনেকটাই কমবে।




