নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। আজ সোমবার দুপুরে উপজেলার টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ জানান, দুপুরের দিকে ভটভটিযোগে গরু কেনার উদ্দেশে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সাংশাইল ব্রিজ এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে দুই জন মারা গেছেন।
তিনি আরো জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



