সংবাদ সারাদেশ
অটোর চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধিঃ
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নেত্রকোনার আটপাড়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে আটপাড়ার স্বল্প সুনুই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা আক্তার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, ঝর্ণা আক্তার তার দাদির সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অসতর্কতাবশত তার গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।


