আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে হত্যা
বগুড়া প্রতিনিধিঃ
বেড়ানোর কথা বলে একটি আবাসিক হোটেলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেন আজিজুর রহমান। এরপর হোটেলের বাথরুমে স্ত্রীর বিবস্ত্র লাশ এবং ছেলে রাফির মাথাবিহীন মরদেহ বস্তায় ভরে খাটের নিচে রাখেন তিনি। শিশু রাফির বিচ্ছিন্ন মাথা খুঁজছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়া শহরতলীর বনানী এলাকায় শুভেচ্ছা নামে একটি আবাসিক হোটেলে। নিহতরা হলেন, মা আশামনি ও তার এক বছরের ছেলে আব্দুল্লাহ আল রাফি। এ ঘটনায় জড়িত নিহতের স্বামী আজিজুর রহমান আটক করেছে পুলিশ। আটককৃত আজিজুর রহমান বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।
নিহত আশামনির ভাই শহরের নারুলী এলাকার বাসিন্দা মেহেদি হাসান সনি জানান, আজিজুর রহমানের সঙ্গে প্রায় ৩ বছর আগে তার বোনের বিয়ে হয়। দুই মাসের ছুটি নিয়ে সে কিছুদিন আগে বগুড়ায় আসে। এরপর তার ভগ্নিপতি আজিজুর রহমান গত বৃহস্পতিবার শহরের নারুলি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। তিনি আরো বলেন, বেড়ানোর কথা বলে আজিজুর রহমান তার বোন ও ভাগ্নেকে নিয়ে শনিবার চলে যায়।
শুভেচ্ছা হোটেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর আজিজুর রহমান তার স্ত্রী ও এক বছর বয়সী সন্তানকে নিয়ে দোতলার একটি কক্ষে উঠেন। এরপর রাত ১১টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান।
তিনি আরো বলেন, রোববার সকাল ১১টার দিকে আজিজুল হক হোটেলে কক্ষের ভাড়া পরিশোধ করতে আসেন। কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় আমাদের সন্দেহ হয়। এরপর আমরা তাকে আটক করে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে ঐ কক্ষের ভেতর থেকে আজিজুল হকের স্ত্রীর গলাকাটা বিবস্ত্র লাশ এবং বাথরুমে বস্তাবন্দি মাথাবিহীন সন্তানের মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আজিজুর রহমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করেন, তার সন্তানের মাথা পাশের করতোয়া নদীকে ফেলে দিয়েছেন। নিহত শিশুর মাথা খোঁজা হচ্ছে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হবে। সেই মামলায় আজিজুর রহমানকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।




