ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স মামুনের ব্যতিক্রমী উদ্যোগে বদলে যেতে বসেছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার
এস কে তুষারঃ
বন্দীদের জন্য যেন কারাগার দুর্ভোগের কারণ না হয়ে ওঠে। দুর্ভোগের নয় কারাগার থেকে বন্দীরা সুশিক্ষা গ্রহণ করবে। একটি আধুনিক ও মানবিক সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচনায় এসেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স ও সিনিয়র জেল সুপার মামুনের নাম।
তার শ্রম ও নেতৃত্বে কারাগারের অভ্যন্তরে যেমন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হতে শুরু করেছে, ঠিক তেমনি সাধারণ মানুষের জন্যও চালু করা হয়েছে স্বল্পমূল্যের বাজার সহ নানা জনকল্যাণ মূলক উদ্যোগ।সরে জমিনে দেখা যায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা স্থাপনাকে সংস্কার করে সেখানে চালু করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বল্পমূল্যের বাজার। বাজারমূল্যের তুলনায় কম দামে বিভিন্ন পণ্য পাওয়ায় বন্দীদের স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীর স্বজনরা বলছেন,কারাগারের ইতিহাসে এমন জনবান্ধব উদ্যোগ আগে দেখা যায়নি।
কারাগারের ভেতরেও দৃশ্যমান হয়েছে পরিবর্তনের ছোঁয়া। বন্দীদের আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি করতে ব্র্যাকের সহযোগিতায় ৫০০ বস্তায় আধুনিক পদ্ধতিতে আদা চাষ এবং ৫ হাজার তেলাপিয়া মনোসেক্স মাছের চাষ শুরু করা হয়েছে। এসব প্রকল্পে বন্দীদের সম্পৃক্ত করা হচ্ছে যাতে সাজাভোগ শেষে তারা বাস্তব জীবনে কর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারেন।
এছাড়াও বন্দীদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে কারাগারের সেলুন ব্যবস্থার আধুনিকায়ন টয়লেট ব্যবস্থার উন্নয়ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও দূষিত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ফলে বন্দীদের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।কারা কর্মকর্তা ও কারারক্ষীরা বলছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিআইজি প্রিজন্স মামুন স্যার কারাগারকে একটি মানবিক প্রশিক্ষণে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার পরিকল্পনা ও তদারকিতে বন্দীদের জন্য প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা এবং পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডিআইজি প্রিজন্স মামুনের এই উদ্যোগগুলো শুধু রাজশাহী কেন্দ্রীয় কারাগারকেই বদলে দিচ্ছে না বরং দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্তও স্থাপন করছে।
কারাগার যেন শাস্তির পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনের কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে- এ লক্ষ্যেই এগিয়ে চলছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য ডিআইজি প্রিজন্স ও সিনিয়র জেল সুপার মামুনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সর্বস্তরের মানুষ। বন্দীর স্বজনরা বলছেন পবিত্র কোরআন শিক্ষার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন এটি অতুলনীয়।





