রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে তিন জনের মৃত্যু
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউপির উদয়পুর ধাপ কায়েমের বাজার এলাকায় সেপটিক ট্যাংক পড়ে এক নারী সহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী কচু শাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে নিচে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশি ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রংপুর ও মিঠাপুকুর উপজেলার দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তিন জনের লাশ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে তিন জনেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এমন ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




