কুমিল্লায় ইয়াবার সাথে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
শামীমুল ইসলাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ১৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার নবীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামের সোবহানের ছেলে বাবু (২৪), একই গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে বাদল মিয়া (৩৭) ও নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আঃ রহমানের ছেলে ইয়াসিন (৪০)।
পুলিশ জানায়, উপজেলার নবীপুর হয়ে একটি চক্র মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও এএসআই শামীম আহম্মেদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





