বগুড়ায় চলতি মাসে ৯টি খুন
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রায়ই ঘটছে হত্যাকাণ্ড। এ শহর এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। চলতি মাসে দুটি জোড়া খুন সহ মোট ৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত সব খুনের খবরে বগুড়াবাসী শঙ্কিত হয়ে পড়েছেন। সর্বশেষ ঈদের রাতে একই এলাকায় দুই যুবককে নির্মমভাবে হত্যার চারদিন পর আবারো আরেক জনকে হত্যা করা হয়েছে। এত হত্যাকাণ্ড আগে কখনোই ঘটেনি।
গতকাল শনিবার (২২ জুন) রাতে তুচ্ছ ঘটনায় ড্রেনের কাদায় মাথা চুবিয়ে ইউনুস আলীকে হত্যা করা হয়েছে। উনুস আলী বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী স্কুল পাড়ার বাবা মৃত রিয়াজ উদ্দিনের ছেলে৷ এ হত্যাকাণ্ডে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
নিহতের ছেলে গোলাম রসুল বলেন, গত বৃহস্পতিবার আমার বড় ভাই শাহীনের সঙ্গে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর রাস্তায় ধাক্কা লাগে। ওহাব আলীর স্ত্রী গায়ে হাত দেওয়ার কথা তার পরিবারকে জানায় ৷ উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিকেলে ওহাব আলীসহ আরো কয়েকজন মিলে আমার বড় ভাই শাহীনকে মারধর করে। সন্ধ্যায় আমি ও আমার বাবা ইউনুস আলী এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে। আমার বাবাকেও তারা মারধর করে ও ড্রেনের কাদায় মাথা চুবিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত ওহাব আলীসহ তার পরিবারের সবাই পালিয়ে গেছেন।
পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রতিবেশী ওহাব আলীর সঙ্গে কোনো এক ঝামেলায় এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে, বগুড়ার বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা করেন স্বামী। এরপর একই রাতে সন্ত্রাসী ব্রাজিল ও ইজিবাইক ছিনতাই করে চালককে নির্মমভাবে হত্যা করে। এরপর সারিয়াকান্দিতে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপর জেলার শিবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঈদের রাতে শহরের নিশিন্দারা এলাকায় দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরও গত রাতে ইউনুছ আলী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।




