কুমিল্লায় ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ওসি মো. ইকবাল বাহার।
পুলিশ জানায়, সকালে ঐ এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে যায় কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি। এতে ট্রাকের ভেতরে থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ধারণা করা হচ্ছে, নিহত দুই জন ট্রাকচালক ও চালকের সহযোগী হতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





