প্রেমিকের উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা
তানোর প্রতিনিধিঃ
বিয়ে করতে না চাওয়ায় বিষপানে আত্নহত্যা করেছেন রাজশাহীর তানোরের রাবিয়া খাতুন (১৬) নামে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী।
রাবিয়া খাতুন সে সালবাড়ি গ্রামের দুখু মন্ডলের কন্যা ও বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।
এঘটনায় নিহত রাবিয়া খাতুনের পিতা বাদি হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে এক যুবককে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলার আসামী চৈরখের গ্রামের আব্দুর রহিমের পুত্র ইমন (২০) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
মামরার বিবরনে নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিলো ওই যুবকের সাথে।
গত মঙ্গলবার ১৯ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের কাছে তাদের প্রেমের বিষয়টি প্রকাশ পেয়ে যায়। এসময় ওই ছাত্রীকে তার বাবা মা তার প্রেমিকের সাথে বিয়ে দেয়ার ঘোষনা দিয়ে প্রেমিক ইমনকে বিয়ের বিষয়টি জানাতে বলেন।
সন্ধ্যায় প্রেমিকা তার প্রেমিককে বিয়ের বিষয়টি মোবাইল ফোনে জানালে প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করতে অপারগতা জানান।
এরই সুত্র ধরে রাত সাড়ে ১০ টার দিকে প্রেমিকা তার প্রেমিকের উপর অভিমান করে নিজ বাড়িতেই কিটনাশক পান করেন।এসময় নিজ ঘরে ওই কিশোরীকে ছটফট করতে দেখে তার বাবা মা কি হয়েছে জানতে চাইলে ওই কিশোরী জানায় সে বিষপানে করেছে।পরে তার বাবা-মা ওই কিশোরীকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে রাত ১ টার দিকে সমাসপুর নামক স্থানে ওই কিশোরীর মৃত্যু হয়।
এই বিষয়ে জানতে চাইলে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, নিহত ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি বলেন নিহতের পিতার করা মামলায় প্রেমিক ইমনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।





